সিলেটে ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ৮০ লাখ টাকার দরপত্র ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে নগরের নবাব রোড এলাকায় এলজিইডি ভবনে এ ঘটনা ঘটে।
ছিনতাই হওয়ায় দরপত্র বাতিল করা হয়েছে। দরপত্র ছিনতাইয়ে ছাত্রলীগের বরখাস্ত হওয়া জেলা সভাপতি হিরন মাহমুদ ওরফে নিপুর নেতৃত্বাধীন একটি ঠিকাদার পক্ষ জড়িত বলে জানা গেছে। সমঝোতা না হওয়ায় গতকাল দরপত্র খোলার দিন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়। তবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগরে নেতার দাবি, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না।
এলজিইডির প্রকৌশল শাখা সূত্র জানায়, সিলেট সদর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের আসবাব কেনার জন্য ৮০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছিল। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে দরপত্র বাক্সের তালা ভেঙে সব কটি দরপত্র (শিডিউল) ছিনিয়ে নেন। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মচারী বাধা দিতে গেলে ‘আমরা ছাত্রলীগের’ বলে দুজন চলে যান।
ঘটনার পরপরই এলজিইডি ভবনে নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে দেখা গেছে, দরজার সামনে রাখা দরপত্র বাক্সটি খোলা। ঘটনার প্রত্যক্ষদর্শী ও কয়েকজন ঠিকাদার জানান, দরপত্র ছিনতাইয়ের জন্য দুজন কার্যালয়ে ঢুকলেও এলজিইডির প্রধান ফটকের সামনে অপেক্ষমাণ ছিল আরেকটি পক্ষ। পুরো ঘটনা জেলা ছাত্রলীগের বরখাস্ত হওয়া সভাপতি হিরন মাহমুদের নেতৃত্বে হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্যপদে আছেন।
হিরন মাহমুদ ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেটের কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বক্তৃতা দেওয়ার সময় হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে বরখাস্ত হয়েছিলেন। বর্তমানে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্যপদে থাকার সুবাদে নগরের ‘টিলাগড় গ্রুপের’ সঙ্গে রয়েছেন তিনি।
বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে হিরন মাহমুদ দাবি করেন, ঘটনাটি তিনি জানেনই না। তা হলে নাম এল কীভাবে—এমন প্রশ্নের জবাবে হিরন বলেন, ‘আমি এলজিইডি ভবনে প্রায় চার-পাঁচ বছর যাইনি। আজ (গতকাল) সারা দিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি দরপত্র দাখিলে ব্যস্ত ছিলাম।’