জামালপুরে পুলিশের ঘুষিতে মুক্তিযোদ্ধা মো. আবদুল বারীর মৃত্যুর ঘটনায় করা মামলার অগ্রগতি ৪৩ দিনেও হয়নি বলে অভিযোগ করেছেন বাদী।
মামলার বাদী আবদুল বারীর ছেলে মিজানুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এখনো আসামিদের ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উল্টো মামলা তুলে নিতে শুরু থেকেই একটি মহল আমাদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করে আসছে। আসামিদের সঙ্গে আপস হয়েছে, এমন সংবাদ ছড়িয়ে মামলার সব কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। তদন্তকারী কর্মকর্তার আচরণ পক্ষপাতিত্বমূলক। তাঁকে দিয়ে মামলার অগ্রগতির কোনো সম্ভাবনা নেই।’
তবে এ অভিযোগ অস্বীকার করে তদন্তকারী কর্মকর্তা জামালপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বলেন, ‘যথেষ্ট অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে মামলার আসামি জামালপুর রেলস্টেশনের টিকিট চেকার (টিসি) আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কারাগারে রয়েছেন। অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। চার আসামির সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ ছাড়া জামালপুর স্টেশনে সিসি ক্যামেরায় থাকা ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তবে মামলার বাদী তদন্তকাজে সহযোগিতা করছেন না।’
বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে মুক্তিযোদ্ধা আবদুল বারীর ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজহারুল হককে ১১ জুলাই সকালে জামালপুর স্টেশনে আটক করে জিআরপি থানা-পুলিশ। খবর পেয়ে তাঁর বাবা আবদুল বারী স্টেশনের প্ল্যাটফর্মে যান। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের ঘুষিতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। পরে ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল বারীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১২ জুলাই জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন, কনস্টেবল তপন বড়ুয়া ও টিকিট চেকার আনিসুর রহমানকে আসামি করে হত্যা মামলা করা হয়।