মারধরের শিকার হয়ে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গতকাল সোমবার বিকেলে অভিযোগকারী শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩১ আগস্ট বন্ধুর সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় হলের আবাসিক শিক্ষার্থী ও ৩৯তম ব্যাচের গণিত বিভাগের ছাত্র সেলিম আহমেদকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হক, ফার্মেসি বিভাগের মাহমুদুল হাসান এবং ইতিহাস বিভাগের বাঁধন বসাকের বিরুদ্ধে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন সেলিম।
এর জের ধরে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মীর মশাররফ হোসেন হলে সেলিমের কক্ষে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্য-বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন। সেখানে কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ায় সেলিমের সঙ্গে দুর্ব্যবহার করে তাঁকে আধ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন সানোয়ার। এতে আতঙ্কিত হয়ে পড়েন সেলিম।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে সেলিম বলেন, ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করায় সানোয়ার তাঁর ওপর চড়াও হয়েছেন। তাঁকে হল ছাড়তে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে সানোয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
হলের প্রাধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ক্যাম্পাসে ফিরে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেব।’