অভিযোগ সাংসদ আসলামুলের সমর্থকদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে ঢাকা চিড়িয়াখানার অসম্পূর্ণ দেয়াল নির্মাণের জন্য ডাকা দরপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের সাংসদ আসলামুল হকের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা চিড়িয়াখানার কিউরেটরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে চিড়িয়াখানার কিউরেটর, স্থানীয় সাংসদ, কাউন্সিলর ও থানা-পুলিশ বলছেন, এমন কিছুই ঘটেনি।
দরপত্রে অংশ নিতে যাওয়া ২০ জন ঠিকাদার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সাংসদ আসলামুল হকের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় একদল ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী দরপত্রে অংশ নিতে আসা ৬৫ জন ঠিকাদারকে মারধর করে তাঁদের কাছ থেকে দরপত্র ছিনিয়ে নেন। এতে অন্তত ১০ জন ঠিকাদার আহত হন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা কাজী টিপু সুলতানের উপস্থিতিতে এই হামলা চালানো হয়েছে।
রাতে যোগাযোগ করা হলে সাংসদ আসলামুল হক বলেন, ‘আমার কোনো সমর্থক চিড়িয়াখানায় যায় নাই, যারা আপনাকে বলেছে তারা বানাইয়া বলেছে। এ ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।’
জানতে চাইলে ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এস এম নজরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে দরপত্র জমা নেওয়া হয়েছে। কার্যালয়ের বাইরে মারামারির ঘটনার কথা শুনেছেন।
ঢাকা চিড়িয়াখানা সূত্র জানায়, চিড়িয়াখানার সীমানাপ্রাচীর নির্মাণ কর্মসূচির মোট আড়াই কোটি টাকার চারটি দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। গতকাল সকাল নয়টায় দরপত্র জমা দেওয়ার জন্য চিড়িয়াখানা কিউরেটরের কার্যালয়ের সামনে ও ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে দরপত্র বাক্স রাখা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল দুপুর ১২টা।
হামলার শিকার অন্তত ২০ জন ঠিকাদার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, স্থানীয় সাংসদের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা হাতে ঢাকা চিড়িয়াখানা কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁদের সঙ্গে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী টিপু সুলতানও যোগ দেন। সকাল থেকে দরপত্রে অংশ নিতে ঠিকাদারেরা আসতে থাকেন। কিন্তু সাংসদের সমর্থকদের উপস্থিতিতে তাঁরা দরপত্র জমা দিতে সাহস পাচ্ছিলেন না। পৌনে ১২টার দিকে ৬৫ ঠিকাদার একত্রে দরপত্র বাক্সে জমা দিতে যান। এ সময় ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপুর উপস্থিতিতে সাংসদের সমর্থকেরা ঠিকাদারদের ওপর হামলা চালান। তাঁরা ঠিকাদারদের মারধর করেন। হামলাকারীরা ঠিকাদারদের কাছ থেকে দরপত্র ছিনিয়ে নিয়ে তাঁদের তাড়িয়ে দেন। শাহ আলী থানায় ফোন করেও তাঁরা পুলিশের সাহায্য পাননি। এক ঘণ্টা পর পুলিশ এসে তাঁদের কয়েকজনের মোবাইল নম্বরে ফোন দেন। এর অনেক আগেই তাঁরা মার খেয়ে চিড়িয়াখানা থেকে বেরিয়ে যান।
রাতে ওয়ার্ড কাউন্সিলর টিপু সুলতান প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে যাতে দরপত্র জমা হয় তা তদারক করতে তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু দরপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার তিন-চার মিনিট আগে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে অভিযোগকারীরা প্রকৃত ঠিকাদারদের ওপর হামলা চালান। কিন্তু তাতে তাঁদের উদ্দেশ্য সফল হয়নি। যথারীতি দরপত্র জমা পড়েছে।
কিউরেটর নজরুল ইসলাম বলেন, পুলিশ ও র্যা ব সদস্যদের উপস্থিতিতে নির্ধারিত সময় তাঁর কার্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরে ১২টি দরপত্র জমা পড়ে। এখন সেগুলো বাছাই করা হচ্ছে। ঘটনার সময় তিনি অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠকে উপস্থিত ছিলেন। পরে এসে তিনি তাঁর কার্যালয়ের বাইরে মারামারি হওয়ার কথা শুনেছেন। তিনি বলেন, আগে চিড়িয়াখানা সীমানাপ্রাচীর কর্মসূচির আওতায় দরপত্র ডাকা হলে তিনটি প্রকল্পের দরপত্র জমা হয়। এ কারণে মঙ্গলবার পুনঃ দরপত্র আহ্বান করা হয়।
শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ বলেন, চিড়িয়াখানা থেকে ফোন পেয়ে সেখানে পুলিশের একটি দল গিয়েছিল। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।