পুরান ঢাকার লালবাগে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ স্বীকার করে গতকাল বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া সৈকত ইসলাম। এ ঘটনায় জড়িত তার দুই সহযোগীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত মঙ্গলবার বন্ধুর কাছে বেড়াতে আসা নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে গভীর রাতে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বুধবার ভোরে তাকে লালবাগের শহীদনগরের নির্মাণাধীন একটি বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তার দেখানোমতে বুধবারই সৈকতকে গ্রেপ্তার করা হয়।
লালবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সৈকত। তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ওই কিশোরীর অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্র বলেছে। লালবাগ থানার একজন কর্মকর্তা বলেন, প্রথমে মেয়েটির বাসচালক বন্ধুকে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে সন্দেহ করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদে সন্দেহের ভিত্তি মেলেনি। ধর্ষণের শিকার মেয়েটিও তার বন্ধুর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি।
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্র বলেন, মেয়েটি ও তার বন্ধু পুলিশকে বলেছেন, মঙ্গলবার তাঁরা বিয়ে করার পরিকল্পনা করছিলেন। ওই বন্ধু মুঠোফোনে মেয়েটির বাবার সঙ্গে বিয়ে নিয়ে কথাও বলেন। মেয়ের বাবা ছেলেটিকে বলেছেন, তাঁরা বরিশাল থেকে ঢাকায় এসে পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করবেন। সে পর্যন্ত মেয়েটিকে তাঁর হেফাজতে রাখতে বলেন। সে অনুযায়ী মেয়েটিকে তাঁর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে শহীদনগর লোহার ব্রিজ থেকে মেয়েটিকে মুখ চেপে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় সৈকতসহ তিন তরুণ। তারা মেয়েটিকে ধর্ষণ করে। ভোরে মেয়েটির বন্ধু ও পুলিশ তাকে উদ্ধার করে।
উদ্বেগ: স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল এক বিবৃতিতে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, মঙ্গলবার যশোরে স্কুলছাত্রীকে প্রেম নিবেদন করে ব্যর্থ করে অ্যাসিড ছুড়েছে এক বখাটে। একই দিনে রাজধানীতে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। ঢাকা মহানগরসহ সারা দেশে ক্রমবর্ধমান হারে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় মহিলা পরিষদ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।