অভিযোগপত্র প্রস্তুত বাবর ও লিমনসহ আসামি ৬২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকার দরপত্র নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে শিশুসহ জোড়া খুনের ঘটনার ২৮ মাস পর অভিযোগপত্র তৈরি করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযোগপত্রে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমনসহ ৬২ জনকে আসামি করা হয়েছে।
২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরের সিআরবির সামনে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবলীগের কর্মী সাজু পালিত (২৮) ও শিশু আরমান (৮) নিহত হয়। এ ঘটনার পর ওই দুই নেতাকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তদন্তে উঠে এসেছে, রেলের ১ কোটি ১০ লাখ টাকার দরপত্র নিয়ে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হতে পারে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিক চৌধুরী।
সংঘর্ষের ঘটনার পর পৌনে দুই বছর মামলাটির তদন্ত করেন কোতোয়ালি থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। গত এপ্রিল মাসে এটি তদন্তের জন্য নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে পাঠানো হয়। প্রথমে নগর ডিবির সাবেক পরিদর্শক জাহিদুল ইসলাম তদন্ত করেন। সর্বশেষ তদন্ত করে অভিযোগপত্র প্রস্তুত করেন পরিদর্শক আতিক চৌধুরী।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, কোটি টাকার দরপত্র নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় বাবর, লিমনসহ ৬২ জনকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। সোমবার এটি আদালতে জমা দেওয়া হতে পারে। অভিযোগপত্রে ৪০ জনকে সাক্ষী রাখা হয়েছে। দরপত্রকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে এ খুনের ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।
সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে বাবর-লিমনসহ ছাত্রলীগ-যুবলীগের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। পরে নিহত সাজু পালিতের মা মিনতি পালিত বাদী হয়ে অজিত বিশ্বাসকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিক চৌধুরী গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, তদন্তে বাবর-লিমনসহ ৬২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের অভিযোগপত্রে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে এজাহারভুক্ত আসামি রয়েছেন ৬১ জন। তদন্তে শাহ আলম নামের এক ব্যক্তির নাম এসেছে। অভিযোগপত্রভুক্ত ৬২ আসামির মধ্যে পলাতক রয়েছেন ১২ জন। গ্রেপ্তার হয়ে জামিনে রয়েছেন ৪৮ জন। বর্তমানে কারাগারে আটক আছেন আসামি অমিত মুহুরী ও শিমুল প্রসাদ।
আতিক চৌধুরী বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত ২৬ আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি।