অভিযোগপত্রভুক্ত আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি নুরুল আফসার ওরফে রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে ফেনী মডেল থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে আফসারকে কারাগারে পাঠানো হয়েছে।
এ নিয়ে চেয়ারম্যান একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ জন এখনো পলাতক রয়েছে।
নুরুল আফসারের বাড়ি ফেনী সদর উপজেলার ধলিয়া গ্রামে। তিনি শহরের একাডেমী এলাকায় পরিবার নিয়ে থাকেন। সেখানে নিজেকে যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দিতেন। তবে ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন জানান, গ্রেপ্তার নুরুল আফসার যুবলীগের সদস্য নন।
গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমী এলাকায় প্রকাশ্যে চেয়ারম্যান একরামুল হককে ফুলগাজী যাওয়ার পথে সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।