ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি নিজাম উদ্দিন ওরফে আবুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেনী কারাগার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে নারী-শিশু নির্যাতনসহ আরও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
নিজাম উদ্দিনের বাড়ি ফেনী পৌরসভায়। এলাকায় যুবলীগেরে কর্মী হিসেবে তিনি পরিচিত।
চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে নিজামসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নিজামকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করেন। পরে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পুড়িয়ে দেওয়া হয় তাঁর গাড়ি। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে প্রধান আসামি ও অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে মিনার চৌধুরী ছাড়া সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।