অভিযোগপত্রভুক্ত আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় মো. আরিফ ওরফে পাংকু আরিফ (২৬) নামে অভিযোগপত্রভুক্ত আরও একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি এত দিন পলাতক ছিলেন। 

আজ শুক্রবার সন্ধ্যায় শহরের কদলগাজী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৩ জনকে গ্রেপ্তার করা হলো। বাকিরা পলাতক।

আরিফ ফেনী পৌরসভার বিরিঞ্চি নিজতালুক গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজনের ভাষ্য, তিনি এলাকায় যুবলীগের একজন সক্রিয় কর্মী।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যার ঘটনায় ২০১৪ সালের ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

২০১৪ সালের ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করেন। পরে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পুড়িয়ে দেওয়া হয় তাঁর গাড়ি। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে প্রধান আসামি ও অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে মিনার চৌধুরী ছাড়া সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।