৫ জানুয়ারির নির্বাচনের দিন যশোরের অভয়নগরের মালোপাড়ায় হামলার ঘটনার মামলায় এক বছর পর অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের ১০০ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। তবে এই অভিযোগপত্র প্রত্যাখ্যান করে মালোপাড়ার অধিবাসীরা বলেছেন, হামলার মূল হোতাদের বাদ দিয়ে কয়েকজন নিরীহ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় হামলা হয়।
যশোর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. আমিনুল ইসলাম গত সোমবার জেলার অভয়নগর আমলি আদালতে চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র দাখিল করেন। এতে মামলায় নামোল্লিখিত ৩৯ জন আসামির মধ্যে চারজনকে এবং সন্দেহভাজন আটক ব্যক্তিদের মধ্যে ১২ জনকে বাদ দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ১০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী।’
অভিযোগপত্রের ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মালোপাড়ার অধিবাসীরা। ওই হামলায় আহত হয়েছিলেন পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সরকার। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘হামলার মূল পরিকল্পনাকারী জামায়াতের নেতা মাওলানা আবদুল আজিজ, মাওলানা ইউসুফ এবং বিএনপির নেতা আইয়ুব আলী মোল্লার নাম অভিযোগপত্রে নেই। অথচ হামলার সময় যে আবদুল হক আমাদের আশ্রয় দিয়ে জীবন রক্ষা করেছিলেন, তাঁর ছেলে আবদুল জলিলকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
মালোপাড়ায় হামলার পর পুলিশের মামলায় মাওলানা ইউসুফ ও বিএনপির নেতা আইয়ুব আলী মোল্লার নাম ছিল। ওই মামলায় মাওলানা আবদুল আজিজের নাম ছিল না। গতকাল একাধিকবার ফোন করেও আবদুল আজিজের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
হামলায় আহত মালোপাড়ার আরেক বাসিন্দা শেখর কুমার বর্মণ বলেন, ‘অনেক নিরীহ ও নির্দোষ ব্যক্তিকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা মোটেও ঠিক হয়নি।’
তবে মালোপাড়ার অধিবাসীদের এসব অভিযোগের বিষয়ে সিআইডির যশোর জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপযুক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।’
প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, ৫ জানুয়ারির ভোটের আগের রাতে মালোপাড়ায় গিয়ে ভোট প্রতিহতকারীরা সংখ্যালঘুদের ভোট দিতে না যাওয়ার হুমকি দেন। নিরাপত্তার অভাবে ভোট দিতে চাননি মালোপাড়ার লোকজন। তবে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁদের কয়েকজন ভোটকেন্দ্রে যান সকাল ১০টার পর। এরপর সকাল, দুপুর ও সন্ধ্যায় মালোপাড়ায় তিন দফা হামলা চালান বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। হামলাকারীরা শতাধিক বাড়িঘরে ভাঙচুর এবং ঘরে থাকা মালামাল লুটপাট করেন। অন্তত ১০টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় আতঙ্কিত চার শতাধিক নারী-পুরুষ-শিশু পার্শ্ববর্তী ভৈরব নদ সাঁতরে ও নৌকায় করে পার হয়ে আশ্রয় নেন অপর পাড়ের একটি পূজামণ্ডপে।
এ ঘটনায় অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাওলাদার বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে ও আড়াই শ অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা দায়ের করেন। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত আটজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। তাঁরা এখন সবাই জামিনে আছেন। গত বছরের ৫ ফেব্রুয়ারি বহুল আলোচিত এ মামলাটি পুলিশের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়। এরপর গত বছরের ২৫ মে মামলাটি সিআইডিতে পাঠানো হয়।