চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে নির্মাণশ্রমিকের অশোভন আচরণের সত্যতা পায়নি তদন্ত কমিটি। গতকাল রোববার সন্ধ্যায় বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে সংবাদ সম্মেলন করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে কমিটি।
সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন পাঠ করেন কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধি আইনজীবী অশোক কুমার দাশ। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের পাথরঘাটার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, অভিভাবক প্রতিনিধি সোমা খাস্তগীর, কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ মহিবুর রহমান। তাঁরা সবাই তদন্ত কমিটির সদস্য।
গত ১৮ জানুয়ারি বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে নির্মাণশ্রমিকের অশোভন আচরণের অভিযোগ ওঠে। পরদিন অভিভাবকেরা বিক্ষোভ করেন। তাঁদের বিক্ষোভের মুখে ২০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জানুয়ারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী তিনতলার সিঁড়ি ব্যবহার করে চারতলায় যাচ্ছিল। কিন্তু এক নির্মাণশ্রমিক তাকে বাধা দেয়। এরপর ওই ছাত্রী শ্রেণিকক্ষে চলে যায়। ওই ছাত্রীর অভিভাবক কমিটির সদস্যদের জানায়, তাঁর মেয়েকে চারতলার শৌচাগারে যেতে এক নির্মাণশ্রমিক বাধা দিয়েছেন। তিনি বিষয়টি পরদিন নির্মাণকাজের দায়িত্বরত শিক্ষক সিস্টার প্রভা মেরি কর্মকারকে অবহিত করেন। এরপর প্রভা মেরি তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন।
সংবাদ সম্মেলনে ওই ছাত্রীর অভিভাবক বলেন, ‘এটি সামান্য তুচ্ছ ঘটনা। এ ঘটনা থেকে স্কুলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।’
সংবাদ সম্মেলনে কাউন্সিলর হাসান মুরাদ বলেন, ছোট্ট একটি মেয়ে তিনতলা থেকে চারতলায় যেতে চেয়েছিল। কিন্তু সেখানে নির্মাণকাজ চলার কারণে যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এই আশঙ্কায় নির্মাণশ্রমিক তাকে যেতে দেননি। তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের দূরত্ব রয়েছে। অভিভাবকদের ক্ষোভের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটেছে।
অবশ্য অভিভাবকদের সঙ্গে দূরত্বের বিষয়টি অস্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেণু মারিয়া পালমা।
অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ: গতকাল বিদ্যালয় খোলার কথা থাকলেও খোলেনি। সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য আবার বন্ধ ঘোষণা করে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেণু মারিয়া পালমা বলেন, বিদ্যালয় ভবনের নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ চলাকালীন বিদ্যালয় চালু থাকলে ছাত্রীরা দুর্ঘটনার শিকার হতে পারে। বিপদ এড়াতে তাই বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে বিদ্যালয় খুলে দেওয়া হবে।