একজন আসামি আদালতে হাজির না থাকায় গতকাল সোমবার ফেনীর পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম রাকিবুল হয়দারকে মারধরের ঘটনায় করা মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মামলার অভিযোগপত্রভুক্ত আট আসামির মধ্যে সাতজন ফেনীর দ্রুত বিচার আদালতের বিচারক শেখ মো. বদিউল আলমের আদালতে হাজির হন।
সহকারী সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আল আজাদ জানান, আদালতে সব আসামি হাজির না থাকায় অভিযোগ গঠনের শুনানি হয়নি।
আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল করিম জানান, মামলার আসামি রাশেদুল হাসান আদালতের অনুমতি নিয়ে কারাগার থেকে স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেন। গতকালও তাঁর একটি পরীক্ষা ছিল। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি।
১৬ মে পরশুরাম থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী মামলার আসামি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, পরশুরাম পৌরসভার কাউন্সিলর আবদুল মান্নানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গত ৬ মে ফেনীর পরশুরামের ধনিকুন্ডা রাস্তার মাথা এলাকায় ইউএনওকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।