অভিযোগ ছাত্রলীগনেতার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার যমুনার তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে মাটি কেটে ট্রাক্টরে তোলা হচ্ছে। গতকালের ছবি l প্রথম আলো
বগুড়ার ধুনট উপজেলার যমুনার তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে মাটি কেটে ট্রাক্টরে তোলা হচ্ছে। গতকালের ছবি l প্রথম আলো

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিনের সহযোগিতায় এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ধুনট উপজেলার বাঘাবাড়ী ইউনিয়নের ভুতবাড়ী গ্রামের যমুনা নদীর ভাঙনরোধের জন্য ডান তীর সংরক্ষণের কাজ ২০১৭ সালের প্রথম দিকে শেষ হয়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ড প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারের মাধ্যমে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে এই কাজ করেছে। এই অবস্থায় ভুতবাড়ীর গ্রামের কাছে প্রকল্প এলাকায় বাঘাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন, তাঁর স্ত্রীর ভাই ওই ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রানা আহম্মেদসহ ভুতবাড়ী গ্রামের হবিবর রহমান, নুরুন্নবী, এনামুল হক ও মঞ্জু মিয়া অবৈধভাবে যমুনার তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে মাটি কেটে প্রায় এক সপ্তাহ ধরে অবাধে বিক্রি করছেন।

সরেজমিনে দেখা যায়, যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে চারজন শ্রমিক মাটি কেটে একটি ট্রাক্টরে তুলছেন। মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, ছাত্রলীগের নেতা আবদুল মমিন ও তাঁর সহযোগী পাশের একটি গ্রামের কয়েক ব্যক্তির বাড়ির ডোবা ভরাট করার চুক্তি নিয়েছেন। ওই সব ব্যক্তির কাছে তাঁরা প্রতি ট্রাক্টর মাটি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন। প্রকল্প এলাকায় মাটি কাটার ছবি তোলার সময় শ্রমিকদের মুঠোফোনে খবর পেয়ে সেখানে আসেন আবদুল মমিন। সেখানেই তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন বলেন, ‘পরানপুর গ্রামের জাহাঙ্গীর আলম নামের আমার এক চাচাতো ভাই আছে। সেই ভাইয়ের তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় জমি রয়েছে। সেই জমি থেকে আমার ভাইয়ের অনুমতি নিয়ে আমিসহ কয়েকজন মাটি কেটে বিক্রি করছি। নদীর চর এলাকা থেকে মাটি কাটলে বর্ষার সময় বালুর স্তূপে গর্তগুলো ভরাট হবে। ভাঙনের কোনো আশঙ্কা নেই।’

স্থানীয় কলিমুদ্দিন, সাহেব আলীসহ ১০-১২ জন বাসিন্দা বলেন, নদীর পানি বর্তমানে কমে গেছে। এ কারণে এখন ক্ষতির পরিমাণ বোঝা যাবে না। কিন্তু বর্ষা মৌসুমে নদীর পানি বাড়ার সঙ্গে প্রবল স্রোতে তীরের ভাঙন ভয়াবহ রূপ নেবে। ফলে বাঁধ ভেঙে বাড়িঘর, আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

ভুতবাড়ী গ্রামের আবদুল মজিদ বলেন, ‘বাঘাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় গভীর গর্ত করে মাটি কেটে বিক্রি করছে। এতে বর্ষা মৌসুমে নদী ভাঙনে পড়ে আমাইগরে বাড়িঘর বসতভিটা হাইরা যাইব।’

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হারুনার রশিদ বলেন, যমুনার তীর সংরক্ষণ প্রকল্প এলাকার ক্ষতি করে মাটি বা বালু কাটার কোনো বৈধতা নেই। খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, ‘যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে মাটি কাটার বিষয়ে আমাকে জানানো হয়নি। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’