অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় একটি বিলের দরপত্র জমা দেওয়ায় এক ইজারাদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের লাল মোহাম্মদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ইজারাদার লাল মোহাম্মদ জানান, সর্বশেষ মেয়াদেও তিনি চাঁপাইগাছি বিলের বৈধ ইজারাদার ছিলেন। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় সরকারি নিয়মকানুন মেনেই জেলা প্রশাসন থেকে বিলটি ইজারা পেয়েছিলেন। চলতি বছরেও নতুন করে ইজারা নেওয়ার জন্য দরপত্র কিনে জমা দেওয়া হয়েছে। দরপত্র কেনার পর থেকে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি মনজুর রহমানসহ ২০ থেকে ২৫ জন অব্যাহতভাবে তাঁকে হুমকি দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার সাদ আহমেদ ও মনজুর কর্মীদের নিয়ে বাড়িতে যান। ওই সময় তাঁদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। দরপত্র জমা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা গতকাল শুক্রবার ভোরে বাড়িতে
হামলা চালিয়ে ভাঙচুর করেন। তাঁরা ঘরের আসবাব, প্লাস্টিকের চেয়ারসহ একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় তিনিসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
লাল মোহাম্মদের পরিবারের সদস্যরা জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছেন। ভয়ে কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না।
ঘটনার পর পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেন। ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, লাল মোহাম্মদের বাড়িতে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলার সময় বাড়িতে শুধু নারী সদস্যরা ছিলেন। এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের ব্যাপারে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেউ হয়তো আমার নাম বলতে পারেন। তবে এ বিষয়টি আমি জানি না।’
পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউপির চেয়ারম্যান সফর আলী বলেন, ‘লাল মোহাম্মদের বাড়িতে হামলা হয়েছে শুনেছি। তবে কে বা কারা করেছে বলতে পারব না।’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রথম আলোকে বলেন, টেন্ডারবাজদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। কেউ যদি এ অপকর্ম করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।