অভিযোগ দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধা
বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ শাহজাহান আলী তালুকদারসহ ছয়জনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ এনে মতিয়ার রহমান নামের এক মুক্তিযোদ্ধা নিজেই পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। সাবেক ওই সাংসদসহ ছয়জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কাছে অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান।
ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপতা গ্রামের মতিয়ার রহমান নামের এক মুক্তিযোদ্ধা বগুড়া-৫ আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের শাহজাহান আলী, বিষ্ণুপুর গ্রামের আবদুল হামিদ, শ্যামগাতি গ্রামের আবুল কালাম আজাদ, পীরহাটি গ্রামের আবদুল মজিদ, শহিদুল্লাহ, আব্বাস আলীসহ ছয়জনকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ বলে আখ্যা দিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও ইউএনও মুহাম্মাদ ইব্রাহীমের কাছে অভিযোগ দেন। কাল শনিবার এই অভিযোগের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় মুক্তিযোদ্ধা মতিয়ারের বিরুদ্ধে সাবেক সাংসদসহ ছয় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং প্রকাশ্যে গালিগালাজ করে তাঁদের মানহানি ঘটানোয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল উদ্দীন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত বুধবার বিকেলে করা এ অভিযোগের ভিত্তিতে মুক্তিযোদ্ধা মতিয়ারকে আটকের চেষ্টা চলছে।
এদিকে মুক্তিযোদ্ধা মতিয়ার মুঠোফোনে বলেন, ‘আমি অভিযোগ দিলেও কাউকে গালিগালাজ করিনি। পুলিশের ভয়ে আমি দুই দিন ধরে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’
এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল বলেন, ‘আমি কারও বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করিনি। একজন সাংসদকে গালিগালাজ করায় পুলিশ হয়তো নিজ উদ্যোগেই মতিয়ার রহমানকে আটকের চেষ্টা করছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা চালানো হচ্ছে।