অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী নেপা ইউনিয়নের বাকশপোতা গ্রাম থেকে হাসান আলী (১৬) নামের এক স্কুলছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা গুলি করে তাকে হত্যা করেছে।
নিহত হাসান আলী ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও খোসালপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। গতকাল বৃহস্পতিবার ভোরে হাসানের লাশ উদ্ধার করা হয়।
নিহত হাসানের চাচা সাইদুল ইসলাম বলেন, হাসানের বাবা জাহাঙ্গীর হোসেন ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বাড়িতে মা শিরিনা খাতুন তিন সন্তান নিয়ে থাকেন। হাসান সবার বড়। গত মঙ্গলবার রাতে বই কেনা নিয়ে মায়ের সঙ্গে তার মনোমালিন্য হয়। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেনি। বুধবার ভোররাতে কয়েকজন লোক তার লাশ বাড়িতে নিয়ে আসেন।
সাইদুল ইসলাম দাবি করেন, যাঁরা লাশ নিয়ে আসেন তাঁরা জানিয়েছেন, হাসান ভারতে গিয়েছিল। সেখান থেকে বুধবার রাত সাড়ে আটটার দিকে খোসালপুর সীমান্ত দিয়ে আরও কয়েকজনের সঙ্গে বাংলাদেশে ফিরছিল। ওই সময় সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের কাছে ভারতের কুমারিঘাট ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসান গুলিবিদ্ধ হয়। তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। ভোরে হাসানের কয়েকজন সঙ্গী তার লাশ ঘাড়ে করে গ্রামে নিয়ে আসেন।
একই রকম বক্তব্য দিয়েছেন ঘটনাস্থল নেপা ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুর রহমান। যোগাযোগ করা হলে গতকাল সন্ধ্যায় তিনি বলেন, ছেলেটা ভারতে গিয়েছিল। ঢোকার সময় বিএসএফ তাকে গুলি করে মেরেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহিন বলেন, বুধবার গভীর রাতে বিএসএফের গুলিতে হাসান নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, গুলিতে হাসানের মাথার এক পাশের খুলি উড়ে গেছে। আলামত দেখে এই বিজিবি কর্মকর্তার ভাষ্য, বিএসএফের গুলিতে সে মারা যায়নি। অন্য কোনো ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।