অভিযোগ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন শিক্ষকদের
মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে গত শুক্রবার কিছুসংখ্যক শিক্ষক মানববন্ধন করেছেন।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে উপজেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়। সরকারি নীতিমালা অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র তৈরির জন্য শিক্ষার্থীদের মাথাপিছু তিন টাকা করে দেওয়ার কথা।
১৬ এপ্রিল শিক্ষা কার্যালয়ের মাসিক সমন্বয় সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা প্রশ্নপত্র তৈরিতে খরচ বেড়ে যাওয়ার কথা বলে চার টাকা করে দিতে প্রধান শিক্ষকদের প্রস্তাব দেন। পরে এ প্রস্তাব গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার শিক্ষকেরা চার টাকা করে জমা দিয়ে শিক্ষা কার্যালয় থেকে প্রশ্নপত্র সংগ্রহ করেন।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ‘জুড়ী উপজেলার সকল প্রাথমিক শিক্ষক/শিক্ষিকাবৃন্দ’ ব্যানারে মানববন্ধন হয়। এতে ১৫-২০ জন শিক্ষক অংশ নেন। এ সময় বক্তব্য দেন সরকারি শিক্ষক সমিতির উপজেলা কমিটির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।