অভিযোগ ১০ পৌর কাউন্সিলরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ন্যাশনাল হাউজিং হোল্ড ডেটাবেইস তৈরির কর্মী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা শাহাদৎ হোসেনের বিরুদ্ধে ওই নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছেন পৌরসভার ১০ কাউন্সিলর। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গত মঙ্গলবার লিখিত অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বদরগঞ্জ পৌরসভায় ন্যাশনাল হাউজিং হোল্ড ডেটাবেইস তৈরির লক্ষ্যে ডেটাবেইস প্রস্তুতকারক হিসেবে ৩০ জনকে নিয়োগ দেন ওই পরিসংখ্যান কর্মকর্তা। এরপর গত ২৯ মার্চ বদরগঞ্জ পৌরসভার সভাকক্ষে এক সভায় ওই ৩০ জনের নামের তালিকার অনুমোদন চান পরিসংখ্যান কর্মকর্তা। কিন্তু এতে আপত্তি জানান কাউন্সিলররা। ওই সভায় নতুন করে ডেটাবেইস প্রস্তুতকারক হিসেবে কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়। কিন্তু পরে সভার সিদ্ধান্ত অমান্য করে আগের নিয়োগ করা অদক্ষ, স্বল্পশিক্ষিত ব্যক্তিদের দিয়েই ডেটাবেইস তৈরি করা হচ্ছে।
পৌর কাউন্সিলর ফেরদৌসী আয়শা সিদ্দিকা অভিযোগ করেন, ডেটাবেইস প্রস্তুতকারক একেকজন কর্মী ভাতা পাবেন ১০ হাজার টাকা করে। এই কর্মী নিয়োগে ২ হাজার করে ৩০ জন কর্মীর কাছে ৬০ হাজার টাকা উৎকোচ নিয়ে ওই নিয়োগ দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা। কোনো যোগ্যতা বা নিয়মনীতির তোয়াক্কা না করে এসব ডেটাবেইস প্রস্তুতকারককে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ডেটাবেইস তৈরির কাজে ভুল এবং ভবিষ্যতে পৌরবাসী ভোগান্তির শিকার হবেন।
অভিযোগ সম্পর্কে জানতে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তা তালাবদ্ধ পাওয়া যায়।
ইউএনও কাজী আবেদা গুলশানের বক্তব্য জানতে গতকাল তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।