অভিযোগপত্র গ্রহণ, পলাতক তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন জব্দের মামলায় র্যা বের দেওয়া সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান শুনানি শেষে এই আদেশ দেন। পলাতক তিনজনের মধ্যে দুজন লন্ডনপ্রবাসী।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের আপত্তি নেই জানিয়ে র্যা বের দেওয়া সম্পূরক অভিযোগপত্রটি গ্রহণের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ১০ আসামির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামি এ কে আজাদ ও নূর মোহাম্মদের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে দেন।
তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ, তাঁর ভাই মোস্তাক আহমেদসহ ১০ জনকে আসামি করে ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও র্যা ব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী।
২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে বলিভিয়া থেকে আসা সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে ১টি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ ৪টি পরীক্ষাগারে তেলের চালানের ২টি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়।
কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে আদালতের নির্দেশে চোরাচালানের অভিযোগে এই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ধারাও সংযোজন করা হয়। সাড়ে চার মাস তদন্তের পর ২০১৫ সালের নভেম্বরে আটজনকে আসামি করে কোকেন মামলার অভিযোগপত্র আদালতে দেয় গোয়েন্দা পুলিশ। আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যা বকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
নূর মোহাম্মদ ও মোস্তাক আহমেদসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান ও মৌলভীবাজারের বকুল মিয়া, তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। তাঁদের মধ্যে আসামি ফজলুর, বকুল মিয়া ও মোস্তাক আহমেদ পলাতক। জামিনে রয়েছেন সাইফুল আলম। বাকি ছয় আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।