অভিযোগপত্র গ্রহণ, পলাতকদের ধরতে পরোয়ানা

সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ সোমবার শুনানি শেষে সিলেটের মহানগর হাকিম আদালতের বিচারক সাহেদুল করিম এ আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ১৬ আগস্ট অভিযোগপত্র আদালতে দাখিল করা হলে আদালত শুনানির জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন। আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযুক্ত তিন পলাতক আসামি কামরুল ইসলাম, তাঁর ভাই শামীম আহমদ ও পাবেল ওরফে রাজু মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁদের মালামাল জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
১৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছিলেন। গ্রেপ্তার হওয়া এক আসামির স্ত্রী ও তাঁর ভাইকে অব্যাহতির সুপারিশ করা হয়েছিল। আদালত আজ সুপারিশ করা দুজনকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন।
গত ৮ জুলাই চুরির অভিযোগে সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউলকে চালিয়ে হত্যা করা হয়। সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে কুমারগাঁও বাসস্ট্যান্ডের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। লাশ গুম করার চেষ্টা চালানোর সময় ধরা পড়ে একজন। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা কারা হয়। সামিউলকে নির্যাতন করার সময় নির্যাতনকারীরা ভিডিওচিত্র ধারণ করেন। ঘটনার চার দিন পর ১২ জুলাই ভিডিওচিত্র নিয়ে প্রথম আলোয় ‘নির্মম পৈশাচিক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।
জনতা সামিউল হত্যা মামলার আসামিদের একে একে ধরিয়ে দেয়। পালিয়ে সৌদি আরব গিয়ে জনতার হাতে ধরা পড়েন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম। আসামি কামরুলের দেশ ছেড়ে পালানোয় ঘটনায় গাফিলতির অভিযোগে গত ২৭ জুলাই সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন, উপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।