অভিযোগপত্র দাখিল, নারাজি দেবেন বাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঘটনার ৪ মাস ১৯ দিন পর গত ২৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন।
মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে গুরুত্বপূর্ণ কয়েকজন আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় মামলার বাদী নারাজি দেবেন বলে জানিয়েছেন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন, মামলার প্রধান অভিযুক্ত উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও তাঁর চাচাতো ভাই নূর মোহাম্মদ ওরফে নিপু। এই দুজনই এজাহারভুক্ত আসামি। এ ছাড়া অবৈধভাবে পেট্রল বিক্রির অভিযোগে মির্জাপুরের মাছরাঙ্গা ফিলিং স্টেশনের চার কর্মচারী আবুল বাশার, মো. ওয়াসিম, মো. আবদুল মান্নান ও মীর আজাদুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গত বছরের ৬ অক্টোবর রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগমসহ (৩৫) তিন মেয়েকে ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। নিহত তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাক্প্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী মলি আক্তার (৭)। মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে বলে ভুক্তভোগীদের নিকটাত্মীয়রা অভিযোগ করেন। এ ঘটনায় পরদিন ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান করে ১০ জনকে আসামি করে মজিবরের শ্যালক মোফাজ্জল হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।