অভিযোগপত্র দিতে গড়িমসি: আফসানার অভিযোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী আফসানা আহমেদকে শীতের রাতে হল থেকে বের করে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগপত্র দিতে গড়িমসির অভিযোগ উঠেছে হল প্রশাসনের বিরুদ্ধে। আফসানার দেওয়া অভিযোগ দুটি গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হলেই জমা ছিল।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, আফসানা অভিযোগ করেছেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আয়োজিত মিছিলে যোগ না দেওয়ায় গত সোমবার রাতে বেগম রোকেয়া হলে নিজের কক্ষ থেকে তাঁকে বের করে দেন ছাত্রলীগের কর্মীরা।
কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা। হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার তিনি দুই দফায় হলের সামনে অনশনে বসেন। ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আতিকুর রহমান আফসানাকে হলে তাঁর কক্ষে দিয়ে আসেন। এ সময় আফসানা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিতে চাইলে প্রক্টর হল প্রশাসনের মাধ্যমে তা দেওয়ার পরামর্শ দেন। কিন্তু মঙ্গলবার ও পরদিন বুধবার হলে দুটি লিখিত অভিযোগ দিলেও সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গতকাল পর্যন্ত হস্তান্তর করা হয়নি।
জানতে চাইলে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘হল প্রশাসন থেকে তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি কাজ শুরু করেছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলাদা করে লিখিত অভিযোগ দেওয়ার প্রয়োজন নেই। এই কথাটিই আমি তাঁকে (আফসানা) বলেছি। এ জন্য তাঁর লিখিত অভিযোগ হস্তান্তর করা হয়নি।’
রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, আফসানা আহমেদকে হল থেকে বের করে দেওয়ার এবং সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোয় সন্ত্রাস-দখলদারির প্রতিবাদে গতকাল বেলা সাড়ে ১১টায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি যুগেশ ত্রিপুরা।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, আফসানা আহমেদকে হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার শহরের চৌমহনা চত্বরে গতকাল দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।