অভিযোগপত্রভুক্ত আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জসিম উদ্দিন ওরফে নয়ন (২৮)। গতকাল রোববার রাত আটটার দিকে ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ আসামি জসিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জসিম উদ্দিন দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে চেয়ারম্যান একরাম হত্যা মামলা ছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় একরামের গাড়ির গতিরোধ করে সন্ত্রাসীরা। পরে তাঁকে গুলি করে, কুপিয়ে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় পুলিশ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে। এ পর্যন্ত অভিযোগপত্রভুক্ত ৪৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো ১১ জন পলাতক।