অভিযোগপত্রভুক্ত হলেও তিনি দায়িত্বে বহাল
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফৌজদারি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তবু তিনি দায়িত্বে বহাল আছেন। নিয়মিত কার্যালয়ে যাচ্ছেন। অথচ পুলিশ বলছে, তিনি পলাতক।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ধুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আনিচুর রহমানের উপস্থিতি লক্ষ করা গেছে। মোটরসাইকেলে চেপে তিনি বেলা ১টার দিকে থানার সামনে দিয়ে যান। এর আগে ৭ এপ্রিল তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ভিজিডির চাল বিতরণ করতে দেখা যায়।
চেয়ারম্যান আনিচুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনিচুরের নেতৃত্বে গত বছরের ২৩ ফেব্রুয়ারি দুপুরে ধুলিয়া ইউপির আলোকী চাঁদকাঠি ঝাউতলা খেয়াঘাট এলাকায় তৎকালীন ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারের ওপর হামলা চালানো হয়। আবদুল জব্বারসহ তাঁর তিন কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় আবদুল জব্বার বাদী হয়ে আনিচুরকে প্রধান আসামি করে ৩৫ জনের নাম উল্লেখ করে পটুয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। এ মামলার তদন্ত করে পুলিশ ওই বছরের ১ জুলাই আনিচুরসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ওই অভিযোগপত্র গ্রহণ করে ৫ অক্টোবর আনিচুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও আনিচুরকে গ্রেপ্তার করছে না পুলিশ। তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন। আনিচুরের হুমকির কারণে তিনিসহ (আবদুল জব্বার) তাঁর শতাধিক কর্মী এলাকায় যেতে পারছেন না।
তবে হুমকির অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো মামলা কিংবা গ্রেপ্তারি পরোয়ানা নেই।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, চেয়ারম্যান আনিচুর অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তিনি আত্মগোপনে আছেন।
জানতে চাইলে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, (আনিচুরের বিরুদ্ধে) মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি তাঁর জানা নেই।