কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান হত্যার ঘটনায় অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এতে জেএমবির চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
সানাউর হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে আজ। গত বছরের ২০ মে কুষ্টিয়া সদর উপজেলার শিশিরপাড়া মাঠ এলাকায় তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এদিন কবুরহাট এলাকায় হত্যাকারীদের ফেলে যাওয়া বোমার আঘাতে এক স্কুলছাত্র নিহত হয়।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক ফয়সাল ইবনে আজিজ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। আর নিহত সানাউরের ভাই মীর আনিছুর রহমান অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
দুটি মামলাই তদন্ত করেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান। তিনি গত ৩০ এপ্রিল কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, মূলত নাস্তিক্যবাদ ছড়াচ্ছিলেন— এমন অভিযোগ এনে সানাউরকে হত্যার পরিকল্পনা করে জেএমবি সদস্যরা। এ মামলায় গ্রেপ্তার হওয়া চারজনই এমন তথ্য দিয়েছে।
অভিযুক্ত ওই চারজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মজিবর রহমানের ছেলে আজিজুল ইসলাম (১৯), আজিজুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৪), কবুরহাট এলাকার আবদুস সামাদ সর্দ্দারের ছেলে জয়নাল সর্দ্দার (৩২) ও দৌলতপুর উপজেলার আবদুর রহমানের ছেলে সাইজুদ্দিন কাজী (২৪)। তাঁরা জেএমবির প্রাথমিক সদস্য (আনসার)। তাঁরা কুষ্টিয়া কারাগারে আছেন।
তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, মামলাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। এ জন্য দেশের বিভিন্ন জায়গায় সে সময় ঘটা হত্যার (জঙ্গি হামলায়) বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, সানাউর হত্যার পরিকল্পনা ও সব রকমের সহযোগিতা করেন খাজানগর এলাকায় জেএমবির আঞ্চলিক প্রধান টুলু মোল্লা (বন্দুকযুদ্ধে নিহত)। এতে সহযোগী হিসেবে ছিলেন জঙ্গি আবু মুসা ওরফে তানহা ওরফে রবিন, হাসান ওরফে বাইক হাসান, শরিফুল ওরফে বিকাশ, শফিউল ওরফে ডন ও কবির। কবির বাদে অন্যরা বিভিন্ন সময়ে নিহত হয়েছেন। কবিরের সঠিক পরিচয় গ্রেপ্তার হওয়া চারজন জানাতে পারেননি।
অভিযোগপত্র মোতাবেক, কারাগারে থাকা চারজনের কেউই সরাসরি হত্যায় অংশ নেননি। মূলত হত্যার ঘটনার দিন আবু মুসা ও কবির মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় সানাউরের বাড়ির সামনে অবস্থান নেন। তাঁরা সানাউরের বাড়ি থেকে বের হওয়ার তথ্য দেন। আর শিশিরপাড়া মাঠে হত্যায় সরাসরিভাবে অংশ নেন শফিউল, শরিফুল ও হাসান।
এসআই আজিজুর রহমান বলেন, ‘কারাগারে থাকা চারজনই ১৬৪ ধারায় জবানবন্দিতে সবকিছু স্বীকার করেছেন। তাঁরা সরাসরি হত্যায় অংশ না নিলেও হত্যার পেছনে সবকিছুতে ছিলেন। তাঁদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি।’