ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময় কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের শিকার হচ্ছে যাত্রীরা। এই দুই উপজেলার ১১টি অভ্যন্তরীণ সড়কে যাত্রী পরিবহনের জন্য শুধু সিএনজিচালিত অটোরিকশা ও জিপ গাড়ি চলাচল করে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ দিন আগেও চকরিয়া থেকে বদরখালী পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ছিল জনপ্রতি ৪০ টাকা। ঈদুল আজহার দুদিন আগে থেকে গতকাল বুধবার পর্যন্ত ৪০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ৭০ টাকা। পেকুয়ার মগনামা থেকে পটিয়ার মইজ্যারটেক পর্যন্ত জনপ্রতি ভাড়া ছিল ১৯০ টাকা। এখন নেওয়া হচ্ছে ৪০০ টাকা। চকরিয়া থেকে পেকুয়া যেতে নেওয়া হচ্ছে ৫০ টাকার স্থলে ৭০ টাকা। একইভাবে পেকুয়া থেকে চকরিয়ায় জিপ গাড়িতে জনপ্রতি নেওয়া হচ্ছে ৩০ টাকার স্থলে ৪০ টাকা। বদরখালী থেকে চকরিয়া পর্যন্ত জনপ্রতি জিপের ভাড়া ২০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ৩০-৪০ টাকা।
মদনখালী বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, দ্বিগুণ ভাড়া আদায়ে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
অটোরিকশার চালক মো. মোরশেদ বলেন, দুই ঈদে ও হরতালের সময় কিছু টাকা বাড়িয়ে নেওয়া হয়। জোর করে কারও কাছ থেকে টাকা আদায় করা হয় না।
চকরিয়া-পেকুয়া অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বারেক বলেন, সংগঠনের কঠোর নির্দেশনা রয়েছে যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয়। তবে ঈদ উপলক্ষে কোনো কোনো চালক হয়ত বাড়তি ভাড়া নিচ্ছেন।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পরিবহন নেতাদের ডেকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। পেকুয়া থানার ওসি মো. জহিরুল ইসলামও একই কথা বলেন।