অভয়নগরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মিকাইল হোসেন ফারাজীকে (৪৮) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
গত শুক্রবার গভীর রাতে নওয়াপাড়া বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর কয়েকজন জানান, মিকাইল হোসেন ফারাজী শুক্রবার রাত পৌনে ১২টার দিকে নওয়াপাড়া বাজারের বেঙ্গল টেক্সটাইল মিলগেট এলাকার ইলেকট্রনিকসের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।
নওয়াপাড়া তেঁতুলতলা মসজিদের কাছে পৌঁছালে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সাত-আটজন সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল শনিবার তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
মিকাইল হোসেন ফারাজীর ভাই মাসুদ ফারাজী বলেন, ‘সন্ত্রাসীরা মিকাইলের বাঁ হাত ও পিঠে রামদা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তাঁর অবস্থা গুরুতর। চিকিৎসকেরা তাঁর বাম হাতের কনুই পর্যন্ত কেটে ফেলতে পরামর্শ দিয়েছেন।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, ‘সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মিকাইল হোসেন ফারাজী গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেনি। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’