অভয়নগরে গুলিবিদ্ধ লাশটি এক শ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (২২)। তিনি খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের শেখ সাজ্জাদ হোসেনের ছেলে।

২২ জুলাই সকালে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের নাউলীর খালের স্লুইসগেটের পাশ থেকে হাবিবুর রহমানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তবে সেই সময় পুলিশ ওই যুবকের পরিচয় জানতে পারেনি। এ সময় পুলিশ লাশের পাশে পড়ে থাকা একটি দেশি পাইপগান, পাইপগানের দুটি তাজা গুলি, গুলির তিনটি খোসা এবং গাঁজার ছয়টি ছোট প্যাকেট উদ্ধার করে।

হাবিবুর রহমানের বড় ভাই আবদুল গফ্ফার শেখ বলেন, ‘আমরা ১১ ভাইবোন। হাবিবুর ভাইবোনদের মধ্যে দশম। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পাশের আইয়ান জুট মিল এবং সুপারেক্স লেদার মিলে তিনি শ্রমিকের কাজ করতেন। ২০ জুলাই বিকেলে এক ব্যক্তির কাছে পাওনা দুই হাজার টাকা আনার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। শনিবার একটি লাশ উদ্ধারের খবর শুনে আমরা থানায় গিয়ে তাঁকে শনাক্ত করতে পারিনি। ২৩ জুলাই যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে ভালো করে দেখে তাঁকে আমরা শনাক্ত করেছি। রোববার রাতে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা শুনেছি তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা বুঝতে পারছি না।’

অভয়নগর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে। গত শনিবার অভয়নগর থানায় তিনটি মামলা করা হয়েছে।