অভয়নগরে ভ্যানচালককে গলা কেটে হত্যা
যশোরের অভয়নগরে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার চেঙ্গুটিয়া বাজারের পাশে রেললাইনের ওপর ভ্যানে যাত্রী বেশে থাকা এক ব্যক্তি তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ সময় ওই যাত্রীও আহত হয়।
নিহত ওই ভ্যানচালকের নাম ইমাদুল গাজী (২৪)। তাঁর বাড়ি উপজেলার বনগ্রাম গ্রামে। পার্শ্ববর্তী প্রেমবাগ গ্রামের রাইসুল ইসলাম ওরফে মোয়াজ্জেম (৩০) তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মোয়াজ্জেম পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আহাদ আলী গাজী বাদী হয়ে চারজনকে আসামি করে রোববার রাতে অভয়নগর থানায় হত্যা মামলা করেছেন। মামলার আসামিরা হলেন রাইসুল ইসলাম ওরফে মোয়াজ্জেম, তাঁর বাবা আবদুল কাদের ও দুই সহযোগী আলামিন ও মোনায়েম।
নিহত ইমাদুলের বড় ভাই রেজাউল গাজী বলেন, একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, মোয়াজ্জেম মাদকাসক্ত ছিলেন। রোববার বেলা তিনটার দিকে ইমাদুলকে চেঙ্গুটিয়া থেকে কিছু জিনিসপত্র আনার কথা বলে মোয়াজ্জেম তাঁর ভ্যান ভাড়া করেন। ভ্যানে জোয়াজ্জেমের দুই সহযোগী প্রেমবাগ গ্রামের আলামিন (২৬) ও মোনায়েম (২৫) ছিলেন। প্রেমবাগ থেকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে চেঙ্গুটিয়ার দিকে কিছুটা পথ গেলে তাঁরা কৌশলে ইমাদুলকে বুঝিয়ে ভ্যানটি রেললাইনের ওপর নিয়ে যান। এ সময় তাঁরা ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা চালান। ইমাদুল বাধা দিলে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপান। একপর্যায়ে মোয়াজ্জেম তাঁকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যান। তিনি জানান, বোরো খেতে সেচ দেওয়ার ৪০০ টাকা মোয়াজ্জেমের বাবা আবদুল কাদের তাঁর (নিহত ব্যক্তির বড় ভাই) কাছে পেতেন। রোববার সকালে আবদুল কাদের এসে ওই টাকা নিয়ে গেছেন। তিনি জানান, হত্যার পর মোয়াজ্জেমের জামাকাপড়ে রক্ত লেগে ছিল। এ অবস্থায় সে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হন।
পুলিশ জানায়, এ সময় মোয়াজ্জেমও আহত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশি পাহারায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হেফাজাতে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।
অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, ‘ইমাদুলের চার কাঠা ধানি জমি আছে। বোরো মৌসুমে ওই জমিতে সেচ দেওয়ার ৪০০ টাকা ইমাদুলের কাছে পেতেন মোয়াজ্জেমের বাবা আবদুল কাদের। এ কারণে মোয়াজ্জেম তাঁকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’