যশোরের অভয়নগর উপজেলায় মুক্তিযোদ্ধা জি এম গোলাম কিবরিয়াকে (৬৫) গত রোববার রাতে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। পরিবার বলছে, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে।
গোলাম কিবরিয়ার বাড়ি উপজেলার বাশুয়াড়ী গ্রামে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাম কিবরিয়ার ছেলে সাদ্দাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী হান্নান শেখের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। রোববার রাত আটটার দিকে তাঁর বাবা বাশুয়াড়ী দিঘিরপাড় এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে শুভরাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী (৫৫), ২ নম্বর ওয়ার্ডের সদস্য নূর আলী (৪০), হান্নান শেখসহ (৪৫) ছয়জন পেছন থেকে লাঠি দিয়ে তাঁর পায়ে আঘাত করেন। এতে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। কিবরিয়ার কানের কাছে কোপ লেগেছে।
ইদ্রিস আলীর মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন দেওয়ার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। নূর আলী বলেন, ‘জমিজমা নিয়ে কিবরিয়া সাহেবের সঙ্গে হান্নান শেখের দ্বন্দ্ব আছে। আমার সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই। কেন তাঁকে মারতে যাব?’
হান্নান শেখ বলেন, ‘মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়ার সঙ্গে জমিজমা নিয়ে আমার কোনো বিরোধ নেই। আমি সকালে খবর পাই, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে শুনি, তাঁকে কোপানো হয়েছে।’
গোলাম কিবরিয়াকে প্রথমে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন বিষয়টি আমাকে ফোনে জানিয়েছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। আমি বাশুয়াড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি তদন্ত করতে বলেছি।’