অয়ন ও তাঁর মাকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ মঙ্গলবার সকালে সিএনজি অটোরিকশায় পেট্রল ঢেলে লাগানো আগুনে দগ্ধ তানজিমুল হক ওরফে অয়ন ও তাঁর মা শামসুন নাহার বেগমকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান। তিনি তাঁদের চিকিৎসা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে প্রয়োজনীয় বিভিন্ন নির্দেশনা দেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন রোববার রাত আটটার দিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অয়ন, তাঁর মা শামসুন নাহার বেগম দগ্ধ হন। একই অটোরিকশায় অয়নের ছোট বোন সালমা আনিকাও ছিল। তবে তার কান ও হাত দগ্ধ হয়েছে।
‘ওর মুখের দিকে তাকাতে পারি না’
নোয়াখালী জেলার হাতিয়া থেকে আনিকাকে চিকিৎসার জন্যই ঢাকায় এসেছিলেন শামসুন নাহার। অয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
অয়নের চাচা ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ন্যাশনাল সেলস এক্সিকিউটিভ জামশেদ উদ্দিন প্রথম আলোকে জানান, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন সার্বিক পরিস্থিতি দেখে যেতে। এ ছাড়া আজ চক্ষু বিশেষজ্ঞ অয়ন ও তাঁর মায়ের চোখ পরীক্ষা করেছেন। দুজনের চোখ ভালো আছে বলে জানিয়েছেন। দুজনের সার্বিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা এর বাইরে আর কিছু বলেননি।