অরক্ষিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ, সক্রিয় অপরাধী চক্র
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। মাঝেমধ্যে ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। নৌ-পুলিশের দাবি, উভয় ঘাটে নৌ-পুলিশের ফাঁড়ি ও নৌযান থাকলেও পর্যাপ্ত সদস্য এবং নৌযানের তেলের অভাবে নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় ও ওই পথে চলাচলকারী যাত্রীদের সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীসহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। এই পথে প্রতিদিন ১৬টি ফেরিতে কয়েক শ যানবাহন ও কয়েক হাজার যাত্রী পারাপার হয়ে থাকে। ৩ কিলোমিটার দূরত্বের এই পথে চলাচলের সময় বেশির ভাগ সময় ফেরিগুলো অরক্ষিত থাকে। এ কারণে যাত্রীরা প্রায়ই নানা ধরনের বিপত্তিতে পড়েন। মাঝেমধ্যে পাটুরিয়া ঘাট ছেড়ে ফেরি মাঝনদীতে পৌঁছার আগেই ইঞ্জিনচালিত ছোট ট্রলারে করে এসে দুর্বৃত্তরা ফেরিতে উঠে জুয়ার আসর বসায়। একপর্যায়ে যাত্রীদের জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করে তাঁদের সবকিছু কেড়ে নেয়। কোনো কোনো আবার সময় চক্রের সদস্যরা ঢাকা বা পাটুরিয়া ঘাট থেকে যাত্রীবেশে দূরপাল্লার বাসে ওঠেন। এসব বাস ফেরিতে ওঠামাত্র তাঁরা যাত্রীদের মূল্যবান জিনিসপত্র কেড়ে নেন বা পকেট কাটেন। অনেক সময় ফেরির লোকজন বুঝতে পারলেও ভয়ে প্রতিবাদ করতে সাহস পান না।
৯ মার্চ পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরি শাহ আলীতে খুলনাগামী বাসের যাত্রী ইসমাইল হোসেনের পকেট কাটার সময় হাতেনাতে ধরা পড়েন গোলাম ফেরদৌস ওরফে মুরাদ (৩৫) নামের এক ব্যক্তি। লোকজন মুরাদকে পুলিশে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।
গত ৬ জানুয়ারি গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার মো. বাবু মোল্লাসহ কয়েকজন ব্যাপারী মানিকগঞ্জের আরিচা হাটে গরু বিক্রি শেষে বিকেলে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন। গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় এলাকায় পদ্মা নদীতে একটি স্পিডবোটে করে এসে ১৫-১৬ জন দুর্বৃত্ত তাঁদের ট্রলারে হামলা চালায়। হামলায় বাবু মোল্লাসহ কয়েকজন আহত হন। দুর্বৃত্তরা তাঁদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা কেড়ে নিয়ে চলে যায়।
গত বছরের ১ ডিসেম্বর দৌলতদিয়া টার্মিনাল এলাকায় জুয়া খেলার সময় গোয়ালন্দ ঘাট থানার পুলিশ হাতেনাতে সাতজনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত চারজনকে তিন দিন করে কারাদণ্ডের আদেশ দেন এবং বাকি তিনজনকে ২০০ টাকা করে জরিমানা করেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সেলিম রেজা নৌপথ অরক্ষিত থাকার কথা স্বীকার করে বলেন, তিনিসহ মাত্র ৫ জন কর্মকর্তা, ১৪ জন কনস্টেবল দিয়ে চলছে নৌফাঁড়ি। প্রতিদিন আট ঘণ্টা করে তিন পালায় একজন কর্মকর্তা ও দুজন করে কনস্টেবল ফেরিতে দায়িত্ব পালন করেন। সাধারণত কোনো ভিআইপি থাকলে ওই ফেরিতে পুলিশ দেওয়া হয়। বাকি সব ফেরি ২৪ ঘণ্টাই অরক্ষিত থাকে। তিনি আরও বলেন, ‘নৌ-ফাঁড়ির জন্য একটি স্পিডবোটসহ দুটি বোট থাকলেও এগুলোর জন্য মাসে মাত্র ২০০ লিটার ডিজেল বরাদ্দ। নিয়মিত টহল চললে এই তেলে সর্বোচ্চ এক সপ্তাহ চালানো সম্ভব। যে কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ সম্পূর্ণভাবে অরক্ষিত থাকলেও আমাদের করার কিছুই নাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’