অরক্ষিত মোটরসাইকেল চুরি করত চক্রটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোরদের কাছে উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: ডিএমপি
চোরদের কাছে উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: ডিএমপি

হাসপাতালের সামনে, বিভিন্ন শপিং মল, দোকান ও খোলা জায়গায় পার্কিং করা অরক্ষিত মোটরসাইকেলই প্রধান টার্গেট সংঘবদ্ধ চক্রটির। প্রথমে চুরি করা মোটরসাইকেলগুলো মাদারীপুর, নরসিংদী, শরীয়তপুরসহ ঢাকার পাশের জেলাগুলোয় একত্র করে চোরেরা। পরবর্তী সময়ে অন্য সিন্ডিকেট এই মোটরসাইকেলগুলো বিভিন্ন স্থানে বিক্রি করে।

মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন এ কথা বলেন। বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রাজিব মুন্সি, মো. আবদুর রহিম, মো. জাকির হোসেন ও মো. মোক্তার হোসেন। গতকাল মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২টি চোরাই মোটরসাইকেলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

আবদুল বাতেন বলেন, গ্রেপ্তারকৃত ব৵ক্তিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। বিভিন্ন শপিং মল, দোকান, খোলা জায়গায় পার্কিং করা, মেডিকেল হাসপাতালের সামনে অরক্ষিতভাবে রাখা মোটরসাইকেলগুলো টার্গেট করে চুরি করত তারা। গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আবদুল বাতেন আরও বলেন, শপিং মলসহ যেসব জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেখানে টোকেনের ব্যবস্থা করলে চুরি অনেকাংশে কমে আসবে। এ ছাড়া নির্ধারিত পার্কিং ব্যতীত মোটরসাইকেল বা গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করলে চুরি হওয়ার সম্ভাবনা কমবে। আবদুল বাতেন জানান, অপর একটি অভিযানে ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগের একটি দল ছয়টি চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে কারও মোটরসাইকেল থেকে থাকলে তা উপযুক্ত কাগজ ও প্রমাণাদি নিয়ে যোগাযোগ করার কথা জানিয়ে আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলের কাগজপত্র দেখিয়ে বিআরটিএর মাধ্যমে মালিকানা প্রমাণ হলে, তা মালিককে ফিরিয়ে দেওয়া হবে।

উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো নম্বর হলো: ১. ঢাকা মেট্রো-ল-১৫-৪৪০৫ (এফজেড), ২. ঢাকা মেট্রো-ল-১৯-৭৮৬৯ এফজেড (ফেজার), ৩. ঢাকা মেট্রো-ল-১৩-৯৪২৭ (পালসার), ৪. অনটেস্ট (পালসার), ৫. ঢাকা মেট্রো-হ-৩৯-১৯৬৬ (জায়লিং), ৬. ঢাকা মেট্রো-ল-২১-৮৪৫১ (অ্যাপাচিআরটিআর), ৭. ঢাকা মেট্রো-ল-১৫-১৯১৩(এফজেডএস), ৮. ঢাকা মেট্রো-ল-১৭-৬৩৯৯ (অ্যাপাচিআরটিআর), ৯. ঢাকা মেট্রো-ল-৩৩-৫১৯৮ (অ্যাপাচিআরটিআর), ১০. ঢাকা মেট্রো-ল-২১-৯০১০ (অ্যাপাচিআরটিআর), ১১. নারায়ণগঞ্জ-ল-১১-০০৫৫ (সিভিজেড) ও ১২. ঢাকা মেট্রো-ল-১৫-০৮১৯ (পালসার)।