অর্থ আত্মসাতে চাকরি গেল ৭ এনজিও কর্মকর্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাগেরহাট সদর ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশ গত রোববার অভিযুক্ত ব্যক্তিদের কাছে এসেছে।
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হচ্ছেন বাগেরহাট সদর উপজেলার দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এস এমএ লতিফ, একই উপজেলার সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পুলক চন্দ্র দাস ও রিতা রাণী রায়, মাঠ সংগঠক মো. কামরুল ইসলাম, হিসাব সহকারী মো. ইব্রাহিম হোসেন এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সুদেব কুমার মুশিদ।
ভুয়া ব্যক্তির নামে ঋণ বরাদ্দ দেখিয়ে এবং ঋণ গ্রহীতাদের ফেরত দেওয়া কিস্তি জমা না করে অর্থ আত্মসাতের পৃথক দুটি ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পিরোজপুর অঞ্চলের উপপরিচালক শামীম আরা স্বপ্না।
স্বপ্না বলেন, বাগেরহাট সদর উপজেলা অফিসের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে এবং একই ধরনের পৃথক ঘটনায় মঠবাড়িয়া উপজেলার এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। তবে তিনি সুনির্দিষ্টভাবে আত্মসাৎ​ করা টাকার পরিমাণ জানাতে পারেননি।
বাগেরহাট সদর উপজেলার দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের ওই পাঁচজনের বিরুদ্ধে ২০১৪ সালে প্রায় পৌনে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে ওই বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে নিরীক্ষা চালানো হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিললে ওই বছরের ৩ অক্টোবর তাঁদের বাগেরহাট সদর উপজেলা কার্যালয় থেকে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়ে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাট সদর উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা জানান, টাকা আত্মসাতের ঘটনা তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে মোট ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনায় অভিযুক্ত লোকজনের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ সব ধরনের বিধিবদ্ধ প্রক্রিয়া গ্রহণ শেষে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।