অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে ব্যবসায়ী গ্রেপ্তার
চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক থেকে প্রায় সোয়া কোটি টাকা আত্মসাতের মামলার আসামি এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে নগরের আগ্রাবাদ এলাকা থেকে মো. সামসুল আলম তালুকদার নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
দুদক চট্টগ্রামের পরিচালক মো. আবু সাঈদ এ অভিযানে নেতৃত্ব দেন। গ্রেপ্তার ব্যবসায়ীর বাড়ি চট্টগ্রামের বাকলিয়া এলাকার চর চাক্তাই আবু জহুর রোড এলাকায়। দুদক সূত্র জানায়, ব্যবসায়ী সামসুল আলম ১৯৯৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ১৯৯৪ সালের ৩ মে তারিখের মধ্যে রূপালী ব্যাংক লিমিটেড বিবিরহাট করপোরেট শাখা (তৎকালীন চট্টগ্রাম সেনানিবাস শাখা) থেকে ঋণের দরখাস্ত, জামানত ও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ২ কোটি ২১ লাখ ৫৫ হাজার টাকা নেন। এই কাজে তখন তাঁকে অবৈধভাবে সহযোগিতা করেছিলেন ব্যাংকটির ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন। সামসুল আলম ব্যাংক থেকে নেওয়া টাকার মধ্যে এক কোটি ছয় লাখ টাকা পরিশোধ করেন। অবশিষ্ট অর্থ আত্মসাৎ করেন। ওই ঘটনার ২২ বছর পরে ঘটনাটি অনুসন্ধান করে সামসুল আলম ও দেলোয়ার হোসেনকে আসামি করে বায়েজিদ থানায় মামলা করেন দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ।
মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা এম এইচ রহমতউল্লাহ বলেন, সামসুল আলমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামি দেলোয়ার হোসেন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।