বরিশালের বাবুগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের এক নেতা।
গতকাল শনিবার বরিশাল নগরের প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে হয়।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার খালিদ হোসেন ওরফে স্বপন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আড়াই কোটি টাকার প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ করেন উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন হোসেন।
দেহেরগতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে ওই অভিযোগ করেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক বরিশাল কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন গত ৩০ আগস্ট সরদার খালিদ হোসেনকে প্রকল্প বাস্তবায়নের কাগজপত্র, নথি দুদক কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলেন।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খালিদ হোসেন বলেন, ‘দুদকে শাহীন হোসেন এডিপির বিষয়ে যেসব অভিযোগ করেছেন তা অসত্য ও কাল্পনিক। ওই অভিযোগের ভিত্তিতে দুদক আমাকে তলব করেনি। তবে তারা আড়াই কোটি টাকার প্রকল্পের কাগজপত্র চেয়েছেন।’
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, প্রকল্পের নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বান করে ৭০ ভাগ এবং প্রকল্প কর্মকর্তার মাধ্যমে বাকি ৩০ ভাগ কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ জুন যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। এখানে কোনো ধরনের দুর্নীতি করা হয়নি। দুদকে অভিযোগ দেওয়ায় সেখান থেকে কাগজপত্র চাওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী কাগজপত্র সরবরাহ করা হয়েছে।
এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।