অর্থ আত্মসাতের অভিযোগে আটক হলেন ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা মেরামতের জন্য জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে একজন ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ঠিকদার হলেন ঊর্মি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক এস এম ওবায়দুর রহমান। তাঁর বিরুদ্ধে গতকাল সকালে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মো. ইউসুফ। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মাদ্রাসার মেরামতকাজের জন্য ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের অধীনে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। মেরামতকাজের কার্যাদেশ পায় ঊর্মি এন্টারপ্রাইজ। পরে মাদ্রাসা পরিচালনা কমিটির লোকজন ওবায়দুর রহমানকে ভবন মেরামতের কাজ শুরু করতে বললেও তিনি টালবাহানা শুরু করেন। পরে তাঁরা গত ৬ জুন জেলা পরিষদে গিয়ে জানতে পারেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মাদ্রাসার ভবন মেরামতের কাজ বাস্তবায়ন না করেই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে টাকা তুলে আত্মসাৎ করেছে।
থানা-হাজতে ওবায়দুর রহমান বলেন, ‘আমি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অবশ্যই বরাদ্দকৃত অর্থ ফেরত দেব। ইতিমধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষের নাম ব্যবহার করে জাতীয় পার্টির এক নেতা আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, মাদ্রাসা মেরামতের টাকা আত্মসাতের অভিযোগে ঠিকাদারকে আটক করা হয়েছে।