অর্থ আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তা চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে রিকশা ও ভ্যানের লাইসেন্সের টাকা আত্মসাতের অভিযোগে ওই শাখার চার কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। গত বুধবার সন্ধ্যার পর বৈঠক করে তাঁদের চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুত চার কর্মকর্তা হলেন কেসিসির লাইসেন্স শাখার ভারপ্রাপ্ত পরিদর্শক মো. রফিকুল ইসলাম, এফ এম আবদুর রশিদ, মো. ইউনুস আলী ও মো. রবিউল ইসলাম। তাঁরা প্রায় এক যুগ ধরে মাস্টাররোলে এই পদে কর্মরত ছিলেন।
চার-পাঁচ বছর ধরে রিকশা ও ভ্যানের লাইসেন্স বাবদ টাকা রাজস্ব খাতে কম জমা হওয়ায় গত আগস্টে একটি তদন্ত কমিটি করে কেসিসি। তিন সদস্যের ওই কমিটির প্রধান ছিলেন কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান। বুধবার বিকেলে এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর সন্ধ্যায় এক বৈঠক করে ওই চার কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেন ভারপ্রাপ্ত মেয়র।
কেসিসির সচিব মো. ইকবাল হোসেন বলেন, আত্মসাৎ করা টাকার পরিমাণ নিরূপণের জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর নির্ভর করে ওই চার কর্মকর্তাকে আত্মসাৎ করা টাকা ফেরত দিতে বলা হবে। যদি তাঁরা সেটা না করেন তাহলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।