অর্থ আত্মসাতের অভিযোগে ডাক কর্মকর্তা গ্রেপ্তার
অর্থ আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কর্মরত পোস্টমাস্টার নজরুল ইসলামকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। নজরুল ইসলাম শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের নূরালী মোড়লের ছেলে।
সাতক্ষীরা জেলা পোস্টমাস্টার শাখাওয়াৎ হোসেন জানান, গত ৫ জানুয়ারি নজরুল ইসলামকে দেবহাটা উপজেলা পোস্ট অফিস থেকে কালিগঞ্জ উপজেলার নলতা পোস্ট অফিসে বদলি করা হয়। গত ২৯ মার্চ তিনি সেখানে যোগ দেন। যোগ দেওয়ার আগে গত ২৫ মার্চ তিনি সঞ্চয়পত্র বিক্রির ২৫ লাখ টাকা দেবহাটা পোস্ট অফিস থেকে সাতক্ষীরা পোস্ট অফিসে না পাঠিয়ে কালিগঞ্জের নলতা পোস্ট অফিসে পাঠান। চাহিদা না থাকার পরও এত টাকা প্রেরণ করায় সন্দেহ হয়।
২ এপ্রিল নলতা পোস্ট অফিসে তদন্তে গিয়ে দেখা যায়, ওই ২৫ লাখ টাকা পোস্ট অফিসের হিসাবে নেই। বিষয়টি খুলনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) মো. আমিনুর রহমানকে অবহিত করলে ওই দিনই তিনি নজরুল ইসলামকে কালিগঞ্জ উপজেলা পোস্ট অফিসে বদলি করেন। এরপর ৫ এপ্রিল তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল নজরুল ইসলাম চিঠি পেয়ে সাতক্ষীরা পোস্ট অফিসে এলে ডিপিএমজি তাঁকে নিয়ে কালিগঞ্জ থানায় সোপর্দ করেন। ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে গতকালই তাঁর বিরুদ্ধে কালিগঞ্জ উপবিভাগীয় পোস্ট অফিসের পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।