নাটোরের সিংড়ায় বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত শিক্ষা কর্মসূচি প্রকল্পের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে খন্দকার আল আমিন নামের একজন সাবেক পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পৌর শহরের পাড়াজয়নগর মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আল আমিন রেনেসাঁ সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের শিক্ষা কর্মসূচি প্রকল্পের পরিচালক ছিলেন।
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, আল আমিনের বিরুদ্ধে সংস্থাটির চেয়ারম্যান আদালতে প্রতারণার মামলা করেন। আল আমিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চুয়াখালি গ্রামের খন্দকার লোকমান হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, এনজিও রেনেসাঁ সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের শিক্ষা কর্মসূচি প্রকল্পের পরিচালক আল আমিনের অধীনে ৩৪টি বিদ্যালয় পরিচালিত হয়ে আসছিল। কিন্তু বিভিন্ন সময় বিদ্যালয় পরিচালনার নামে সংস্থাটির প্রকল্প থেকে ১০ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি। এ অভিযোগে আল আমিনের বিরুদ্ধে নাটোর আদালতে মামলা দায়ের করেন সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, আল আমিন বিভিন্ন স্কুল থেকে টাকা উঠিয়ে আত্মসাৎ করেছেন। তিনি বিষয়টি সিংড়া উপজেলা চেয়ারম্যানের ডাকা এক সভায় স্বীকারও করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল আল আমিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।