অর্থ আত্মসাতের দায়ে সাদিয়া ইন্টারন্যাশনালের মালিকের কারাদণ্ড
অর্থ আত্মসাতের মামলায় মেসার্স সাদিয়া ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক নাজমুল হককে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯–এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ বৃহস্পতিবার এ রায় দেন।
প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসাদুজ্জামান। আসামি নাজমুল হক পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
বেসরকারি প্রাইম ব্যাংকের ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদিয়া ইন্টারন্যাশনালের মালিক নাজমুল হকের বিরুদ্ধে ২০১১ সালের ২৯ ডিসেম্বর মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ৪ এপ্রিল তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, ১৯৯৬ সালে প্রাইম ব্যাংকের মতিঝিল শাখায় চলতি হিসাব খোলেন আসামি নাজমুল হক। ভারত থেকে যন্ত্রপাতি আমদানি করার জন্য এলসি খোলেন এবং ব্যাংকে পাঁচ লাখ টাকা জমা দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠানকে ১০ লাখ ২৪ হাজার ৪৯১ টাকা পরিশোধ করেন। মালামাল আমদানির পরও মালামাল খালাসও করেননি আসামি।
পরে আসামি আরও দুটি এলসি খুলে জালিয়াতির আশ্রয় নিয়ে ব্যাংকের ২০ লাখ টাকা আত্মসাৎ করেন।
দুদকের পক্ষ থেকে এ মামলায় সাতজনকে আদালতে হাজির করা হয়।