অর্থ আত্মসাতের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডাইরেক্টরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

জাল–জালিয়াতির মাধ্যমে সরকারি ৩৯ লাখ টাকা আত্মসাতের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডাইরেক্টর আনোয়ারুল ইসলাম খানকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৯–এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ সোমবার এই রায় ঘোষণা করেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম। রায় ঘোষণার পর পলাতক আসামি আনোয়ারুলের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, জালিয়াতির মাধ্যমে আত্মসাত করা সরকারি ৩৯ লাখ ৭৫ হাজার ৮৭৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।

জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া বিল–ভাউচার তৈরি করে ৩৯ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডাইরেক্টর আনোয়ারুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক এ কে এম বজলুর রশিদ।

মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের আনোয়ারুল ও এমবি এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, আসামি আনোয়ারুল ও অপর আসামি মনিরুজ্জামান একে অপরের পরিচিত ছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করতে সেমিনারের জন্য বরাদ্দের টাকা কোনো কাজ না করে ভুয়া ভাউচারের মাধ্যমে তুলে নেন দুই আসামি।

আদাল আনোয়ারুল ও মনিরুজ্জামানের বিরুদ্ধে ২০১৭ সালের ৯ নভেম্বর অভিযোগ গঠন করেন। এই মামলায় দুদকের পক্ষ থেকে আদালতে ১৪ জন সাক্ষী হাজির করা হয়। বিচার চলাকালে আসামি মনিরুজ্জামান মারা যান।