অর্থ আত্মসাতের মামলায় এলজিইডির সাবেক হিসাবরক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে ১৯৯৮ সালের এক মামলায় কুষ্টিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক হিসাবরক্ষক শেখ সাফায়েত হোসেনকে (৬১) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় রামচন্দ্র রায় চৌধুরী (আরআরসি) সড়কের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সরাসরি কুষ্টিয়া বিশেষ জজ আদালতে হাজির করা হয়।

কুষ্টিয়ায় দুদকের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২০ অক্টোবর শেখ সাফায়েতের নামে কুষ্টিয়া মডেল থানায় ১৭ লাখ ৫২ হাজার ৭০২ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করে কুষ্টিয়া এলজিইডি কর্তৃপক্ষ। মামলায় ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে এ বছরের ২৪ মে দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক রবীন্দ্রনাথ দাসকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

রবীন্দ্রনাথ দাস সাংবাদিকদের বলেন, শেখ সাফায়েত হোসেন কুষ্টিয়া এলজিইডিতে কর্মরত অবস্থায় চেক, চেকের অ্যাডভাইজ, ক্যাশ বহি এবং চেকের রেজিস্ট্রার লেখার এবং প্রতি মাসে ব্যাংক রিকনসিলিয়েশন করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। কিন্তু তিনি দায়িত্ব পালন না করে ব্যাংক থেকে ১৭ লাখ ৫২ হাজার ৭০২ টাকা আত্মসাৎ করেন। মামলাটি অধিকতর তদন্তকালে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়। এ জন্য তাঁকে গ্রেপ্তার করে বিশেষ জজ আদালতে হাজির করা হয়।