অর্থ আত্মসাতের মামলায় খুলনায় ব্যবসায়ী গ্রেপ্তার
জনতা ব্যাংকের প্রায় ২৫১ কোটি টাকার আত্মসাতের মামলায় খুলনার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে নগরের দৌলতপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই ব্যবসায়ীর নাম টিপু সুলতান। দৌলতপুরে ‘ঢাকা ট্রেডিং হাউস’ নামে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গ্রেপ্তারের পর দুদকের জেলা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা ট্রেডিং হাউসের মালিক টিপু সুলতান জনতা ব্যাংকের চারজন কর্মকর্তার সহায়তায় ব্যাংকের প্রায় ২৫১ কোটি টাকা আত্মসাৎ করেছেন, এমন অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপপরিচালক সামছুল আলম। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদকের এই কর্মকর্তা জানান, ২০১০ সালের ১ মার্চ জনতা ব্যাংকের লোকাল অফিসে চলতি হিসাব খোলেন টিপু সুলতান। পরবর্তী সময়ে চিনি, ভারতীয় ক্রিস্টাল চিনি ও ডাল আমদানির জন্য জনতা ব্যাংকের এই শাখায় পাঁচটি ঋণপত্র (এলসি) খোলেন এবং ২৬৭ কোটি ৬৮ লাখ টাকা ঋণ তোলেন তিনি। এলসি মার্জিন বাবদ তিনি ১৬ কোটি ৭২ লাখ টাকা জমা দেন।
তদন্তে দেখা গেছে, তিনটি এলসির বিপরীতে সিঙ্গাপুর থেকে চিনি আমদানির জন্য ব্যাংকে কিংবা আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে বিল অব এন্ট্রি পাওয়া যায়নি। অন্যদিকে, ডাল আমদানির জন্য যে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে, তারও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অন্যান্য ব্যাংকেও টিপু সুলতানের বিপুল পরিমাণ দায় রয়েছে। পাওনার বিপরীতে গ্রাহকের পর্যাপ্ত জামানত নেই। টিপু সুলতানের ব্যবসায়িক সুনাম ও বর্তমান অবস্থা বিবেচনায় এই টাকা উদ্ধারের কোনো সম্ভাবনাও নেই। তাই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।