অর্থ আত্মসাতের মামলায় সরকারি কর্মচারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার লাখ টাকা আত্মসাতের মামলায় ফেনীর ছাগলনাইয়া থেকে সমাজসেবা কার্যালয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর নাম বাহার উদ্দিন মজুমদার (৪৭)। গত মঙ্গলবার রাতে ছাগলনাইয়া পৌরশহরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাহার উদ্দিন বর্তমানে খাগড়াছড়ি জেলার রামগড় সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মীর পদে কর্মরত।

দুদকের উপসহকারী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান বলেন, বান্দরবান জেলার আলী কদম উপজেলার সমাজসেবা বিভাগের সমাজকর্মী হিসেবে কর্মরত থাকার সময় বাহার উদ্দিনসহ চার ব্যক্তি অর্থ আত্মসাৎ করেন। তাঁরা উপজেলার ১ হাজার ২১৮টি বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বইয়ের মধ্যে ২১৮টি বই গায়েব করেন। এরপর নতুন ভাতা বই তৈরির মাধ্যমে ২০১১ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে স্থানীয় সোনালী ব্যাংক থেকে ৩ লাখ ৯২ হাজার ৪০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।