অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের মামলায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আদ-দ্বীন মাল্টিপারপাস নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান শরীফ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের কোনাবাড়ির বাগানবাড়ি এলাকা থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শরীফ হোসেন বন্দরের কলাগাছিয়া পুনাইনগর এলাকার বাসিন্দা ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, শরীফ ২০১০ সাল থেকে আদ-দ্বীন মাল্টিপারপাস লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান খুলে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্রাহককে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে কয়েকজন গ্রাহক টাকা আত্মসাতের মামলা করেন। এর একটি মামলায় তাঁর এক বছরের কারাদণ্ড হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে কোনাবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।