অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের মামলায় বাগেরহাটে সোনালী ব্যাংকের প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার রাতে খুলনা নগরের নুরনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদকের (বাগেরহাট-খুলনা-সাতক্ষীরা) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী জানান, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাগেরহাট শহরের রেলরোডে অবস্থিত সোনালী ব্যাংকের ব্যবস্থাপক থাকার সময়ে মুজিবর রহমান, ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফিজুর রহমান ও আরেক কর্মকর্তাসহ ১২ জন ব্যাংকের ১৫০ জন গ্রাহকের এসওডির (সিকিউর ওভার ড্রাফট) বিপরীতে ভুয়া কাগজপত্র তৈরি করেন। পরে এসব হিসাব থেকে তাঁরা ৪ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০১৫ সালের ১ অক্টোবর সোনালী ব্যাংকে যোগদান করা নতুন ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাদী হয়ে ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফিজুর রহমানের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্ত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী। তিনি বলেন, তদন্তে অর্থ আত্মসাতের সঙ্গে ব্যাংকের তিন কর্মকর্তা ও ১২ জন গ্রাহকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় দুদকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হলে বৃহস্পতিবার কমিশন তাঁদের গ্রেপ্তারের আদেশ দেয়। অন্য দুই কর্মকর্তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।