অর্থ আত্মসাৎ, সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাবিখা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার কসবা থানায় মামলাটি করেন কুমিল্লার দুদকের উপসহকারী পরিচালক হুমায়ুন কবির।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ আরিফুল হকসহ প্রকল্পের আরও পাঁচজন সদস্য।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বায়েক শিক্ষাসদন উচ্চবিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ২০০৯-১০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পে ১৭ মেট্রিক টন গম বরাদ্দ হয়। আওয়ামী লীগের নেতা মনিরুল হককে সভাপতি করে ২০১০ সালের ২৬ মে সাত সদস্যের একটি প্রকল্প কমিটি গঠন করা হয়। এরপর ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে কমিটি অনুমোদন করে বরাদ্দের প্রথম কিস্তি সোয়া চার মেট্রিক টন গম উত্তোলন করেন। এভাবে এই বছরের ২৬ জুনের মধ্যে চার কিস্তিতে প্রকল্পের পুরো গম উত্তোলন করা হয়। প্রাক্কলন অনুযায়ী প্রকল্পের বরাদ্দকৃত গমের কাজ হয়নি বলে বায়েক এলাকার হানিফ মিয়া দুদকে অভিযোগ করেন বলে জানা যায়।
অভিযোগের ভিত্তিতে দুদক নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে মাঠ ভরাটের প্রকল্প এক বছর ধরে পুনরায় পরিমাপ করেন। তাঁদের পরিমাপে চার বছরের ঘাটতিসহ ৯ দশমিক ১৭০ মেট্রিক টন কাজের অস্তিত্ব পেয়েছেন। বাকি ৮ দশমিক ৮৩০ মেট্রিক টন গমের অস্তিত্ব পায়নি। সে হিসাবে ১ লাখ ৯২ হাজার ৫৪ টাকা আত্মসাৎ করেছে প্রকল্প কমিটি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজ না দেখেই ভুয়া প্রতিবেদন প্রস্তুত করে বরাদ্দকৃত গম ছাড়পত্র দেন।
অভিযোগ অস্বীকার করে মনিরুল ইসলাম বলেন, ‘প্রকল্পের কাজ সম্পূর্ণ করেছি। পাঁচ বছর পর পরিমাপ করায় ঘাটতির কারণে ৮ দশমিক ৮৩০ মেট্রিক টন গমের অস্তিত্ব পায়নি। প্রায় আড়াই মাস আগে ১ লাখ ৯২ হাজার ৫৪ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে জমা করেছি।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুদকের লিখিত অভিযোগের ভিত্তিতে সরকারের টাকা আত্মসাৎ করার অপরাধে মামলা হয়েছে।