অর্থ ও অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা গত শনিবার দুই নারীসহ তিনজনকে আটকে রেখে অর্থ ও রুপার অলংকার ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সোহেল ওই দিন রাতে ছাত্রলীগের ওই নেতা, সংগঠনের দুই কর্মী ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।

এজাহার ও ভুক্তভোগী সোহেলেরবিবরণ অনুযায়ী, শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা এলাকার সোহেল তাঁর ভাগনি ও পূর্বপরিচিত আরেক নারীকে নিয়ে শিবালয়ের আরিচা ঘাটে ঘুরতে যান। বেলা দুইটার দিকে ঘাট এলাকায় একটি হোটেলে খাওয়া শেষে তাঁরা পুরোনো টার্মিনাল এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা সেলিম ও কয়েকজন কর্মী ওই তিনজনকে আটক করেন। এরপর তাঁরা সোহেলকে মারধর করে ওই দুই নারীসহ শিবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে যান। সেখানে আবার সোহেলকে মারধর করে তাঁর (সোহেল) কাছে থাকা ৪ হাজার ৯১০ টাকা, এক নারীর পায়ের চার ভরি ওজনের রুপার নূপুর ছিনিয়ে নেন সেলিমসহ ছয়-সাতজন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে সোহেলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোহেল অভিযোগ করে বলেন, ‘বিদ্যালয়ের কক্ষে আটকে রেখে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাগনি ও পূর্বপরিচিত ওই নারীকে জড়িয়ে আমাকে গালাগাল করেন। এরপর আমার কাছে তাঁরা ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তাঁরা আমাকে কিলঘুষি ও লাথি মারেন।’

সেলিম রেজা মুঠোফোনেপ্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। আমি একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়ি ও রাজনীতি করি।’

অপর এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, ‘মাস দু-এক আগে একটি মারধরের ঘটনায় থানার এসআই গোলাম মোস্তফার সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার পর থেকে আমার প্রতি ওই এসআইয়ের ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই আমাকে ফাঁসানো হয়েছে।’

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, ছাত্রলীগ নেতার অভিযোগ ভিত্তিহীন। ভুক্তভোগীদের আটকে রেখে মারধরের বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।