অর্থ তছরুপের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় পাইকগাছা আইনজীবী সমিতির সাধারণ ও প্রভিডেন্ট ফান্ডের প্রায় আট লাখ টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সমিতির অফিস সহকারী কাম হিসাবরক্ষক ভবতোষ বিশ্বাস, তাঁর স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সমিতির সভাপতি জিএম আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও প্রভিডেন্ট ফান্ডের চেয়ারম্যান কামরুল ইসলামকে তাঁদের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের শাচিয়ারবন্ধ গ্রামের ভবতোষ বিশ্বাস দীর্ঘদিন ধরে আইনজীবী সমিতির অফিস সহকারী কাম হিসাবরক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি সমিতি থেকে প্রদেয় প্রভিডেন্ট ফান্ডের চেক নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে দাখিল করলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তা ফেরত (ডিসঅনার) দেওয়া হয়। এ ঘটনার পর সমিতির প্রায় আট লাখ টাকা তছরুপের বিষয়টি ধরা পড়ে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভবতোষ বিশ্বাস, তাঁর স্ত্রী কবরী বিশ্বাস ও শাশুড়ি গীতারানী দেবনাথের বিরুদ্ধে ১৭ আগস্ট পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা করা হয়। মামলা দুটি করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সমিতির প্রভিডেন্ট ফান্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম।

সমিতির একাধিক সদস্য জানান, সহসভাপতি প্রশান্ত মণ্ডলের সভাপতিত্বে গত বুধবার জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র মোতাবেক দায়িত্বে অবহেলার অভিযোগে সভাপতি জিএম আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও প্রভিডেন্ট ফান্ডের চেয়ারম্যান মো. কামরুল ইসলামের কার্যক্রম স্থগিতসহ তছরুপ করা অর্থের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সভায় বারের পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য সহসভাপতি প্রশান্ত মণ্ডল ও যুগ্ম সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশান্ত মণ্ডল বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য থাকার কথা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। তা ছাড়া প্রভিডেন্ট ফান্ডের টাকার তথ্য থাকবে ওই ফান্ডের চেয়ারম্যানের কাছে। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের ৪ লাখ ৯৭ হাজার টাকা ও সাধারণ ফান্ডের ৩ লাখ টাকার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

পাইকগাছা থানার ওসি মারুফ আহমেদ বলেন, ভবতোষ বিশ্বাস পলাতক। বাড়িতে অভিযান চালিয়ে তাঁর স্ত্রী কবরী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।